CZ Commerce

কুরিয়ার বুকিং আর COD-এর টাকার হিসাব: চার কুরিয়ার, এক প্যানেল

লিখেছে CZ Commerceপ্রকাশ ১০ মিনিটে পড়া

চারটা পার্সেল এক প্যানেলে যাচ্ছে, পাশে টাকার কয়েন
এই লেখায়

সকালে Steadfast-এর প্যানেল, দুপুরে Pathao-র, বিকেলে একটা Excel শিটে বসে মেলানো: কোন পার্সেল গেল, কোনটা ফেরত এলো, কে কত টাকা দিল। মাসের শেষে দেখেন খাতায় বিক্রি ভালো, অথচ হাতে টাকা কম। কোথাও কিছু পার্সেলের টাকা কুরিয়ারের কাছেই পড়ে আছে, কোথাও ফেরতের চার্জ চুপচাপ কেটে গেছে।

ক্যাশ অন ডেলিভারিতে বিক্রি মানে আপনার টাকার বড় একটা অংশ কয়েক দিন কুরিয়ারের হাতে থাকে। সেটা স্বাভাবিক, কিন্তু হিসাব না রাখলে বোঝা যায় না কোন টাকা আসছে আর কোনটা হারিয়ে যাচ্ছে। এই লেখায় দুটো কাজ: পার্সেল পাঠানোটা কম ঝামেলায় করা, আর COD-এর টাকা নিয়মিত মেলানো।

কুরিয়ারের সাথে চুক্তিতে কী কী দেখবেন

কোন কুরিয়ার “ভালো”, তার কোনো এক উত্তর নেই। আপনার পণ্য, আপনার ক্রেতারা কোন এলাকায়, আর আপনি কতটা পার্সেল পাঠান, তার ওপর নির্ভর করে। চুক্তি করার বা বদলানোর আগে এগুলো লিখে নিন আর কুরিয়ারের কাছ থেকে নিশ্চিত হোন:

  • ডেলিভারি চার্জ: ঢাকার ভেতরে, শহরতলিতে আর ঢাকার বাইরে কত, ওজন বাড়লে কত বাড়ে।
  • COD চার্জ: কাস্টমারের কাছ থেকে তোলা টাকার কত শতাংশ কাটে।
  • ফেরতের চার্জ: পার্সেল ফেরত এলে কিছু কাটে কি না, কত।
  • টাকা কবে আর কীভাবে দেয়: কত দিন পরপর, ব্যাংকে না মোবাইল ব্যাংকিংয়ে, অনুরোধ করতে হয় কি না।
  • পিকআপ: নিজে থেকে আসে, নাকি রাইডার ডাকতে হয়।
  • কোন এলাকায় যায়: আপনার বেশিরভাগ ক্রেতার এলাকায় তাদের সার্ভিস আছে কি না।

এই তথ্য কুরিয়ার আর চুক্তি অনুযায়ী আলাদা, আর সময়ের সাথে বদলায়, তাই এখানে কোনো অঙ্ক দিচ্ছি না; আপনার কুরিয়ারের সাথে কথা বলে নিন। অনেক সেলার একাধিক কুরিয়ার রাখেন, যাতে একটায় ঝামেলা হলে অন্যটা দিয়ে পাঠানো যায়।

এক প্যানেল থেকে বুকিং: একবারের সেটআপ

চার কুরিয়ারের চারটা প্যানেলে ঘোরাঘুরি না করে সবকিছু অর্ডারের পাতা থেকেই করা গেলে সময় অনেক বাঁচে। CZ Commerce-এ Steadfast, Pathao, Carrybee আর Paperfly, চারটাই যুক্ত করা যায়, একসাথে কয়েকটাও। কুরিয়ার অ্যাকাউন্ট আপনার নিজের; কী আর পাসওয়ার্ড আপনার কুরিয়ারের মার্চেন্ট প্যানেল বা সাপোর্ট থেকে নেবেন।

  1. কুরিয়ার যুক্ত করুন: সেটিংস › কুরিয়ার-এ কুরিয়ারের পাশে সেটআপ চেপে কী বসান। Steadfast-এ Api-Key আর Secret-Key; Pathao-তে Client ID, Client Secret, ইউজারনেম আর পাসওয়ার্ড; Carrybee-তে Client ID, Client Secret আর Client Context; Paperfly-তে ইউজারনেম, পাসওয়ার্ড আর Paperfly-তে আপনার স্টোরের নাম। যুক্ত করার সাথে সাথে সংযোগ পরীক্ষা হয়। সব কী এনক্রিপ্ট করে রাখা হয়।
  2. বুকিংয়ের ডিফল্ট ঠিক করুন: পণ্যে ওজন না থাকলে কত গ্রাম ধরবে, রাইডারের জন্য নোট, আর Pathao ও Carrybee-তে কোন পিকআপ স্টোর থেকে তুলবে। Steadfast-এ পার্সেল তুলতে কার্ড থেকেই রাইডার ডাকুন চাপা যায়।
  3. ওয়েবহুক বসান: প্রতিটা কুরিয়ারের কার্ডে একটা ঠিকানা আর token থাকে, সেটা কুরিয়ারের প্যানেলে বসাতে হয়। তাহলে পিকআপ, ডেলিভারি আর ফেরতের খবর সাথে সাথে আসে আর অর্ডারের অবস্থা নিজে বদলায়। ওয়েবহুক না থাকলেও খবর থামে না: কয়েক ঘণ্টা (শুরুতে ৬) খবর না এলে আমরা নিজে কুরিয়ারকে জিজ্ঞেস করি। ধাপগুলো: ওয়েবহুক: অর্ডারের অবস্থা নিজে থেকে।
  4. COD চার্জ লিখে রাখুন: চেকআউট ও চার্জ ট্যাবের COD চার্জ কার্ডে প্রতিটা কুরিয়ারের COD চার্জ %, আপনার চুক্তি অনুযায়ী (শুরুতে ১% ধরা থাকে)। কুরিয়ার কোনো পার্সেলের COD চার্জ না জানালে টাকার হিসাবে এটাই ধরা হয়।

চেকআউটে কাস্টমারকে কুরিয়ার বাছতে দিতে চাইলে কুরিয়ার অনুযায়ী চার্জ টেবিলে জোন ধরে প্রতিটা কুরিয়ারের চার্জ আর ডেলিভারির সময় দিতে পারেন। কাস্টমারের বাছাই অর্ডারের পাতায় “কাস্টমারের পছন্দ” ব্যাজে দেখায়। সম্পূর্ণ গাইড: কুরিয়ার যুক্ত করা।

একটা একটা, নাকি একসাথে অনেক অর্ডার বুক

একটা অর্ডার: অর্ডারের পাতায় ডান দিকে কুরিয়ার কার্ড। কুরিয়ারের লোগো চাপুন, ঘরগুলো দেখে নিশ্চিত করুন চাপুন, কনসাইনমেন্ট আইডি চলে আসে। COD-এর ঘরে নিজে থেকে বসে অর্ডারের মোট থেকে যাচাই করা পেমেন্ট বাদে যা বাকি, তাই অগ্রিম নিলে আগে TrxID যাচাই করে নিন, নইলে কুরিয়ার পুরো টাকা তুলতে যাবে।

একসাথে অনেক: অর্ডারের তালিকায় অর্ডারগুলোতে টিক দিয়ে কুরিয়ারে পাঠান চাপুন, কুরিয়ার বাছুন। প্রতিটা অর্ডারের COD আর ওজন দেখে বদলানো যায়। একবারে ৫০০টা পর্যন্ত যায়, আর পাঠানোর পর সার্ভার পেছনে একটা একটা করে বুক করে, তাই জানালা বা কম্পিউটার বন্ধ করলেও থামে না। অর্ডার পাতার উপরের বারে দেখায় কয়টা গেল আর কয়টা ব্যর্থ; ব্যর্থগুলোর কারণ দেখে ঠিক করে শুধু সেগুলো আবার পাঠানো যায়। দেখুন একসাথে অনেক অর্ডার বুক।

দুটো জিনিস জেনে রাখুন। এক, কুরিয়ার বুকিং না নিলে তার নিজের দেওয়া কারণ (যেমন ফোন নম্বর বা ঠিকানা) লাল ঘরে দেখায়; ঠিক করে আবার চাপুন। দুই, কখনো বুকিং কুরিয়ারে পৌঁছায় কিন্তু পরিষ্কার উত্তর আসে না। তখন আমরা নিজে থেকে আবার পাঠাই না, কারণ তাতে একই অর্ডারের দুটো পার্সেল, দুবার চার্জ হতে পারে; কার্ড থেকে কুরিয়ারের কাছে খোঁজ নিয়ে মিটিয়ে নেন।

বুক হয়ে গেলে একসাথে ১০০টা পর্যন্ত অর্ডারের ইনভয়েস বা প্যাকিং স্লিপ প্রিন্ট করা যায়: A4, লেবেল প্রিন্টার বা ৮০/৫৮ মিমি থার্মাল প্রিন্টারে। প্যাকিং স্লিপে পণ্যের নাম বা দাম থাকে না, থাকে কুরিয়ারের ট্র্যাকিং আইডির বারকোড আর কত টাকা তুলতে হবে।

ট্র্যাকিং আর ফেরত: কোন পার্সেল কোথায়

ওয়েবহুক বসানো থাকলে প্রতিটা খবরে অর্ডার নিজে এগোয়: পিকআপ হলে শিপড, ডেলিভারি হলে ডেলিভারড, আর কুরিয়ার “ফেরত আসছে” বললেই রিটার্ন। কাস্টমারও শিপড হওয়ার SMS-এ ট্র্যাকিং লিংক পান (SMS চালু থাকলে), আর স্টোরের ট্র্যাকিং পাতায় অর্ডার নম্বর আর মোবাইল দিয়ে পার্সেল কোথায় দেখতে পারেন। এতে “ভাই, পার্সেল কোথায়?” ফোন কমে।

ফেরত পার্সেলে দুটো বিষয় আলাদা করে ভাবুন:

  • স্টক: ফেরত এলে পণ্য নিজে থেকে স্টকে ফিরবে, নাকি আপনি খুলে দেখে ঠিক করবেন (ভালো, নষ্ট, হারানো)? শুরুতে দ্বিতীয়টা থাকে, কারণ ফেরত পণ্য সবসময় বিক্রির মতো অবস্থায় আসে না।
  • টাকা: ফেরত পার্সেলে ডেলিভারি চার্জ, আর অনেক চুক্তিতে ফেরতের চার্জও, আপনার খরচ। এগুলো লাভের হিসাবে না ধরলে লাভ আসলের চেয়ে বেশি দেখায়।

সাইজ বদলের জন্য Paperfly আর Carrybee-তে ডেলিভারি হওয়া পার্সেল থেকেই এক্সচেঞ্জ পাঠানো যায়। ফেরত পার্সেলের ঝামেলা কমাতে প্রথম কাজ অবশ্য ফেক অর্ডার পাঠানোই বন্ধ করা: ফেক অর্ডার বন্ধের উপায়।

COD-এর টাকা মেলানো: হাতে কত আসার কথা

কুরিয়ার যে টাকা দেয়, সেটা কাস্টমারের দেওয়া পুরো টাকা না; চার্জ কেটে দেয়। তাই হিসাবটা পার্সেল ধরে করতে হয়। ধরুন (শুধু উদাহরণ, আপনার চুক্তির অঙ্ক বসাবেন):

টাকা
কাস্টমার রাইডারকে দিয়েছেন ৳১,২০০
ডেলিভারি চার্জ (চুক্তি অনুযায়ী) − ৳৮০
COD চার্জ, ধরুন ১% − ৳১২
আপনার হাতে আসার কথা ৳১,১০৮

এভাবে প্রতিটা পরিশোধের সাথে মেলান:

  1. কুরিয়ারের পরিশোধের বিবরণ নিন: কোন কোন পার্সেলের টাকা, কত চার্জ কাটল।
  2. নিজের হিসাবের সাথে মেলান: প্রতিটা ডেলিভারড পার্সেলের টাকা কোনো একটা পরিশোধে এসেছে কি না।
  3. “ডেলিভারড কিন্তু টাকা আসেনি” তালিকা বানান: কয়েক দিনের বেশি পুরোনো হলে কুরিয়ারকে জিজ্ঞেস করুন।
  4. আংশিক ডেলিভারি আলাদা দেখুন: কাস্টমার কিছু পণ্য রাখলে যত টাকা তোলা হয়েছে সেটাই আসবে, পুরো অর্ডারের টাকা না।
  5. অনেক দিন শিপড হয়ে আটকে থাকা পার্সেল খুঁজুন: এক সপ্তাহের বেশি ডেলিভারি না হলে খোঁজ নিন, সেগুলোই পরে হারানো বা ঝামেলার পার্সেল হয়।

কুরিয়ার কবে আর কীভাবে টাকা দেয়, সেটা কুরিয়ার আর চুক্তি অনুযায়ী আলাদা; আপনার কুরিয়ারের সাথে নিশ্চিত হয়ে নিন। পার্সেল হারানো বা COD-এর টাকা নিয়ে বিরোধ আপনার আর কুরিয়ারের মধ্যে মেটাতে হয়, তাই প্রতিটা পার্সেলের কনসাইনমেন্ট আইডি আর ইতিহাস হাতের কাছে রাখা কাজে দেয়।

CZ Commerce ড্যাশবোর্ডে টাকার হিসাব

উপরের মেলানোর বড় অংশ CZ Commerce-এর ড্যাশবোর্ড নিজে করে দেয়, কারণ চারটা কুরিয়ারই পার্সেলের টাকা পরিশোধের খবর পাঠায়। হোমের টাকা ভাগে টাকা কোথায় আছে কার্ডে টাকা তিন অবস্থায় দেখায়:

  • টাকা হাতে এসেছে: বেছে নেওয়া সময়ে সত্যিই যা আপনার কাছে পৌঁছেছে: কুরিয়ারের পরিশোধ, যাচাই হওয়া অগ্রিম আর কুরিয়ার ছাড়া নিজে ডেলিভারি দেওয়া অর্ডার, কোনটা থেকে কত।
  • কুরিয়ারের কাছে আছে: কুরিয়ার ডেলিভারি করে টাকা তুলেছে, কিন্তু এখনো আপনাকে দেয়নি। পার্সেলের সংখ্যায় চাপলে সেই অর্ডারগুলো খোলে।
  • রাস্তায় আছে: পাঠানো হয়েছে, এখনো ডেলিভারি হয়নি।

তার নিচে কোন কুরিয়ারের কাছে কত (এখন): প্রতিটা কুরিয়ারের কয়টা পার্সেলের টাকা বাকি, কত টাকা, আর শেষ কবে পরিশোধ করেছে। অঙ্কগুলো কুরিয়ারের চার্জ বাদ দিয়ে, মানে যা আসলে আপনার হাতে আসবে; কাটা চার্জ কুরিয়ার চার্জ নামে আলাদা সারিতে দেখায়। কুরিয়ার কোনো পার্সেলের চার্জ না জানালে আপনার নিজের দেওয়া চার্জ আর COD চার্জ % ধরে বাদ দেওয়া হয়, আর সেই পার্সেলগুলো “আন্দাজে ধরা” লাইনে আলাদা গোনা হয়। Steadfast-এ পরিশোধের খবর আসে পেমেন্ট রিকোয়েস্টের সময়। হিসাবে গত ৯০ দিনের অর্ডার ধরা হয়।

একই হোমে আরও কয়েকটা কার্ড কাজে লাগে: আটকে থাকা অর্ডার (পাঠানোর পর ৭ দিনের বেশি ডেলিভারি হয়নি এমন অর্ডারও), কুরিয়ার ধরে ডেলিভারির সফলতা আর ফেরতের হার, ফেরতে কত টাকা গেল, আর প্ল্যানে লাভের রিপোর্ট থাকলে কুরিয়ার চার্জ বাদ দিয়ে লাভ। বিস্তারিত: স্টোরের ড্যাশবোর্ড।

কোন প্ল্যানে কী (লেখার সময়): চারটা কুরিয়ার সব প্ল্যানে, ফ্রি সহ; একসাথে অনেক অর্ডার বুক স্টার্টার, গ্রোথ আর প্রো প্ল্যানে; চেকআউটে কাস্টমারের কুরিয়ার বাছাই গ্রোথ আর প্রো প্ল্যানে। সর্বশেষ তথ্য প্রাইসিং পাতায়।

প্রতি সপ্তাহের ১৫ মিনিটের রুটিন

হিসাব জমতে দিলে মাসের শেষে মেলানো কঠিন হয়ে যায়। সপ্তাহে একদিন, একই সময়ে:

  1. কোন কুরিয়ারের কাছে কত বাকি দেখুন। কোনো কুরিয়ারের শেষ পরিশোধ অনেক দিন আগের হলে খোঁজ নিন।
  2. ডেলিভারড কিন্তু অনেক দিন টাকা আসেনি এমন পার্সেল কুরিয়ারকে পাঠান। কনসাইনমেন্ট আইডিসহ।
  3. আটকে থাকা শিপড অর্ডারে স্ট্যাটাস রিফ্রেশ করুন, দরকার হলে কুরিয়ারকে ফোন।
  4. ফেরত পার্সেল খুলে স্টকে তুলুন, নষ্ট হলে কারণসহ লিখে রাখুন।
  5. কুরিয়ার ধরে ফেরতের হার দেখুন। কোনো এলাকায় একটা কুরিয়ারের ফেরত বারবার বেশি হলে সেখানে অন্য কুরিয়ার চেষ্টা করে দেখতে পারেন।

চারটা কুরিয়ার এক প্যানেলে যুক্ত করা ফ্রি প্ল্যানেই শুরু করা যায়। আগে একটা কুরিয়ার যুক্ত করে কয়েকটা অর্ডার পাঠিয়ে দেখুন, হিসাবটা কেমন দাঁড়ায়।

সাধারণ প্রশ্ন

একসাথে কয়েকটা কুরিয়ার রাখা কি লাভজনক?

অনেক সেলার রাখেন, কারণ একেক কুরিয়ার একেক এলাকায় বা একেক ধরনের পণ্যে ভালো চলতে পারে, আর একটায় সমস্যা হলে অন্যটা দিয়ে পাঠানো যায়। CZ Commerce-এ চারটা কুরিয়ারই একসাথে যুক্ত রাখা যায়, আর প্রতিটা অর্ডার যেকোনোটায় বুক করা যায়।

কুরিয়ার কবে COD-এর টাকা দেয়?

এটা কুরিয়ার আর আপনার চুক্তি অনুযায়ী আলাদা হয়, আর সময়ের সাথে বদলায়ও। আপনার কুরিয়ারের মার্চেন্ট প্যানেল বা সাপোর্ট থেকে পরিশোধের সময় আর পদ্ধতি নিশ্চিত হয়ে নিন।

পার্সেল হারালে বা COD-এর টাকা নিয়ে ঝামেলা হলে কে দেখবে?

হারানো, দেরি বা নষ্ট পার্সেল আর COD-এর টাকা নিয়ে বিরোধ আপনার আর কুরিয়ারের মধ্যে। CZ Commerce-এর কাছে পার্সেলের যে ইতিহাস আর তথ্য আছে, তা দিয়ে সাহায্য করা হয়।

কুরিয়ারের প্যানেলে নিজে বুক করা পার্সেলও কি হিসাবে আসবে?

অর্ডারের কুরিয়ার কার্ডে কনসাইনমেন্ট আইডি হাতে বসিয়ে রাখতে পারেন। সেই কুরিয়ার যুক্ত থাকলে আর ওয়েবহুক বসানো থাকলে খবর ওই পার্সেলেও আসে; না হলে অর্ডারের অবস্থা নিজে বদলাতে হয়।

ফ্রি প্ল্যানেও কি কুরিয়ার যুক্ত করা যায়?

লেখার সময় সব প্ল্যানে, ফ্রি সহ, চারটা কুরিয়ারই আছে। একসাথে অনেক অর্ডার বুক করা স্টার্টার, গ্রোথ আর প্রো প্ল্যানে; সর্বশেষ তথ্য প্রাইসিং পাতায় দেখুন।

নিজের দোকানে চালিয়ে দেখুন

ফ্রি প্ল্যানে শুরু করুন, কার্ড লাগবে না। ব্যবসা বাড়লে আপগ্রেড করবেন।

সব লেখা

ফ্রি শুরু করুন